রাজনীতি
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি। ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে লিখিত অনুমতিপত্র দেওয়া হয়েছে।
শায়রুল কবির খান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠান। এতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সম্মতির কথা উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন অনুমতিপত্রটি নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেখানে চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।