রাজনীতি

যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে পারবে ইসি: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে পারবে ইসি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতা ও সক্ষমতার সঙ্গেই আসন্ন সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মির্জা ফখরুল বলেন, “এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে দুই-একটি বিষয়ে আপত্তি বা সমস্যা ছিল, সেগুলো আমরা গতকাল নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতা ও নিরপেক্ষতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আজ বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দীর্ঘদিন ধরে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজ এখানে শপথ নিয়েছি।”

বিএনপি মহাসচিব বলেন, “এই শপথের মাধ্যমে বিএনপি ও এর সব অঙ্গ-সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”