রাজনীতি

মনোনয়ন ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির আহসান মুন্সী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

মনোনয়ন ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির আহসান মুন্সী
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল আবেদন করা হবে বলে তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) হাইকোর্ট কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে। হাইকোর্টের এই আদেশের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্ট বেঞ্চে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম এই রায় দেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যপক্ষে হাসনাত আব্দুল্লাহর আইনজীবীরা ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু আদালতের কাছে অভিযোগ করেছেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপির তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেছেন। হাইকোর্ট তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে। তবে আপিলের মাধ্যমে এখনও তিনি মনোনয়ন পুনরুদ্ধারের চেষ্টা করতে পারবেন।

পূর্বের ঘটনাক্রমে, ১৯ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। এর আগে ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়নপত্র বাতিল করে। ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।

এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এর বিরুদ্ধে আপিল করেন, অভিযোগ করেন যে বিএনপির প্রার্থী ঋণখেলাপির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে ১৭ জানুয়ারি ইসি এই আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।