রাজনীতি

সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম

সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, তাদের ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন সময় দেশ গঠনের। সবাই ঐক্যবদ্ধ থাকলে একটি কাঙ্ক্ষিত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয়—এটি দেশের গার্মেন্ট শিল্পেরও অন্যতম কেন্দ্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন, যার মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনিই বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করেন। তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে প্রথমবারের মতো প্রথম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে নতুন নতুন কল-কারখানা স্থাপনের মাধ্যমে রপ্তানি বাড়ানো হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। খেটে খাওয়া মায়েদের জন্য চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য দেওয়া হবে কৃষক কার্ড। নারী শ্রমিকদের সন্তানদের নিরাপদ ও পরিচর্যামূলক পরিবেশ নিশ্চিত করতে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

তিনি বলেন, স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুরের দীর্ঘদিনের জনদুর্ভোগের অন্যতম কারণ জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট। বিএনপি ক্ষমতায় এলে এখানে ওভারব্রিজ নির্মাণ করে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান আরও জানান, জেলার প্রধান তিনটি জলাধার-চিলাই নদী, তুলাগ নদী ও লবনদহ খাল-দূষণ ও ভরাটের কারণে সংকটাপন্ন হয়ে পড়েছে। এসব নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশ ও পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের জন্য চালু করা হবে হেল্থ কার্ড, যাতে তারা ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারেন।

জনসভায় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে হবে। আগামী ১২ তারিখে ভোটের দিন শুধু ফজরের নামাজ পড়ে ঘরে বসে থাকলে চলবে না—ভোটকেন্দ্রে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়াতে হবে, যাতে কেউ ভোটকেন্দ্র দখল করতে না পারে।

তিনি বলেন, জনগণের ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব এবং সেই পথেই বাংলাদেশ এগিয়ে যাবে।