রাজনীতি
রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার একই উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা দলীয় প্রার্থীর বিপরীতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।
এ বিষয়ে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি। পাশাপাশি অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে নেতারা শৃঙ্খলায় ফিরে এলে ভবিষ্যতে কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।