রাজনীতি

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে: মাহদী আমিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে। এ কথা জানিয়েছেন দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই ইশতেহারের কাজ অনেকটাই প্রস্তুত করেছি। বিএনপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংলাপের মাধ্যমে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশের মানুষের জন্য ইশতেহার তৈরি করেছে। আমাদের ৩১ দফা এবং ২৭ দফার বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে ইশতেহার গুছানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার আমরা এটি ঘোষণা করতে পারি।”

এ সময় তিনি আরও জানান, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে লক্ষ্য করে ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসবের সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।

ড. মাহদী আমিন বলেন, “কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও তাদের নেতাকর্মীদের উপর ভিত্তি করে, ফ্যাসিবাদী আমলের পুরনো মিথ্যা বক্তব্য আবারও ছড়ানো হচ্ছে। একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং অশালীনভাবে আক্রমণ করা হচ্ছে। কিন্তু বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের কারণে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। ফলে সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে।”