রাজনীতি
বিভিন্ন জায়গায় জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশে বিভিন্ন জায়গায় জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর চাওয়া হচ্ছে।
এই মন্তব্য তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের ঐতিহাসিক বেলপার্ক ময়দানে আয়োজিত জনসভায় করেন।
জনসভায় তারেক রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ১২ তারিখে আমাদের সকাল-সন্ধ্যা সতর্ক থাকতে হবে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে আমরা একটি নতুন দেশ গড়তে চাই। আমাদের সেই দেশ হতে হবে, যেখানে নারী ও পুরুষ মিলে একসাথে কাজ করবে এবং সমান সুযোগ পাবে।’
তারেক রহমানের কথায়, বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে এবং কৃষিকার্ডের মাধ্যমে কৃষকদের জীবনমানের নিশ্চয়তা দেওয়া হবে। তিনি জানান, কৃষকদের সার, বীজ এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় হিমাগার স্থাপন করা হবে।
এ জনসভায় তারেক রহমান ভোটের ন্যায়পরায়ণতা ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানও জানান এবং ভোটারদের সতর্ক থাকার নির্দেশ দেন।