রাজনীতি

ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার পূরণ হয়েছে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার পূরণ হয়েছে: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের প্রথম ছয় মাসে অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে শতভাগ এবং কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য অর্জিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সরকারের ছয় মাসের জন্য নির্ধারিত লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই বাস্তবায়িত হয়েছে। কোথাও শতভাগ না হলেও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত অগ্রগতি হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে কিছুটা সময় লেগেছে। আগামী ছয় মাসে সরকারের কর্মসূচি আরও দ্রুত ও জোরালোভাবে বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যানসহ একটি লিখিত বিবরণ বা পুস্তিকা সাংবাদিকদের দেওয়া হবে বলে জানান রিজভী। এতে পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরা হবে।

দলের মহাসচিব রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক অবস্থান থেকে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে খালেদা জিয়া কখনো সরে যাননি। এ কারণে দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে নানা দুঃখ, বেদনা, নিপীড়ন ও নির্যাতন সহ্য করতে হয়েছে।

এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, ছাত্র-জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ও মূল প্রেরণা ছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর এ দোয়া অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এ বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। দলের উচ্চপর্যায় থেকে কোনো সিদ্ধান্ত এলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচি গুরুত্ব দিয়ে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়টি জাতির আবেগের সঙ্গে জড়িত, তাই এ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে তুলে ধরার অনুরোধ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহদপ্তর সম্পাদক মুনির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।