রাজনীতি

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হবে ছাত্রদল: রাকিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হবে ছাত্রদল: রাকিব
ছবি: সংগৃহীত

নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সফল হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের কার্যক্রম এখন আর শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল মাঠপর্যায়ে কাজ করছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নে ছাত্রদল অবশ্যই সফল হবে।’

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। শুধু ছাত্রদলের রাজনীতিতে নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক আন্দোলন-সংগ্রামেও ঢাকা কলেজ বরাবরই অনবদ্য অবদান রেখে এসেছে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে রাকিব বলেন, সারা দেশ যখন আন্দোলনে উত্তাল ছিল, তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রাজপথে সক্রিয় ছিলেন। সায়েন্সল্যাব, ঢাকা কলেজের সামনের অংশ, নীলক্ষেতসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা অবস্থান নিয়ে আন্দোলনকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন।

ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল আরও বড় পরিসরে কাজ করবে জানিয়ে তিনি বলেন, দেশের যেকোনো ধরনের দুর্যোগ ও সংকটে ছাত্রদল সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ভূমিকা পালন করেছেন। করোনাভাইরাস মহামারির সময়ও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

করোনা মহামারির সময়ের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে ছাত্রদল সভাপতি বলেন, সে সময় সংগঠনটি বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল। ওই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রীর অখণ্ড সমর্থন ও আর্থিক পৃষ্ঠপোষকতাও তারা পেয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ছুটির দিনে ছাত্রদলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে একটি সামাজিক বার্তাও দেওয়া হবে।

তিনি বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের। তবে শুধু তাদের ওপর দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না। ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার। ছাত্রদল নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করে সেই বার্তাই দিতে চায়।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতার মানসিকতা তৈরি করতে চায় ছাত্রদল। ক্যাম্পাসকে শুধু শিক্ষার স্থান হিসেবে নয়, একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে ছাত্রদল সভাপতি বলেন, শুধু একটি কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।