রাজনীতি
২৪-এর বিপ্লবের ফসল ঘরে তুলেই আমাদের সংগ্রাম শেষ হবে: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার দামাল সন্তানরা পয়গাম পৌঁছে দিয়েছিল যে, বাংলাদেশ নতুন রূপে গড়ে উঠবে। তিনি বলেন, “২৪-এর বিপ্লবের চেতনা হল, আমরা বারবার বিজয় অর্জন করেছি, কিন্তু সেই বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি। এবার সেই ফসল ঘরে তুলে আমাদের সংগ্রাম শেষ হবে।”
বুধবার গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত গাজীপুর-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক কৃষক ও শ্রমিক জনগণের উদ্দেশ্যে বলেন, অতীতে বাংলাদেশে আয় ও উন্নয়ন বৃদ্ধি পেয়েছে, কিন্তু গরীব মানুষ তার সুফল পায়নি। “সরকারি দলের বড় নেতারা উন্নতি করেছে, সাধারণ জনগণ উন্নতি পাননি,” তিনি যোগ করেন।
তিনি আরও উল্লেখ করেন, “১৮ কোটি মানুষের মধ্যে ১৮ জন মানুষ মিলে ২৮ লক্ষ কোটি টাকা লোপাট করেছে এবং দুর্নীতি করেছে। এভাবেই দেশের সাধারণ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, অল্প কিছু মানুষ বৈভবী জীবনযাপন করছে। এই দুর্নীতি, অপশাসন, বৈষম্য ও জুলুম দূর করতে হলে একমাত্র সমাধান হলো আল কোরআনের অর্থনীতি বাস্তবায়ন করা।”
মাওলানা হেদায়েত রহমানীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্ল্যাহ হাদীসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।