রাজনীতি
নতুন সংবিধান প্রণয়নের আহ্বান নাহিদ ইসলামের
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখার দাবি তুলে ধরে নতুন সংবিধান প্রণয়নের জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে এনসিপির আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হলেও, জনগণের প্রত্যাশিত কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়ন হয়নি। দেশ এখনো পুরনো ধাঁচে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার এবং একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য।”
তিনি আরও বলেন, “আমরা শুধু স্বৈরাচার হটাইনি, আমরা নতুন বাংলাদেশ গঠনের যাত্রাও শুরু করেছি। সেই বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা পাবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন সংবিধান সময়ের দাবি।”
এ সময় নাহিদ ইসলাম আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক রুহুল আমিন আইনী এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ এবং কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হলেও, তা যদি সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ না পায়, তবে গণমানুষের আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যাবে। সবার সম্মিলিত চেষ্টায় নতুন সংবিধান প্রণয়ন করে একটি গণমুখী ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনই এখন সময়ের দাবি।