রাজনীতি
নির্বাচনের আগেই কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস আলমের উদ্বেগ
নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে এক বিতর্ক উৎসবে তিনি গণমাধ্যমের সামনে এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন সম্প্রতি ঘোষণা করেছে, তারা শাপলা প্রতীক দেবে না। তবে এর ব্যাখ্যা তারা দেননি। প্রকৃতপক্ষে তাদের কাছে যৌক্তিক কোনো আইনগত কারণ নেই। তাই তারা ব্যাখ্যা দিতে পারছে না। যদি একেবারে স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এমন গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে চাপের কাছে পরাজিত হয়, তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা শাপলা প্রতীক পেতে আবেদন করেছি এবং আশা করি, আইনগত কোনো বাধা না থাকায় এনসিপি শাপলা প্রতীক পাবেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম সীমিত। তারা কখনো কখনো অর্থ পাচার করে টোকাই মিছিল আয়োজন করছে। কিন্তু এগুলো আসল আওয়ামী লীগের মিছিল নয়। অনেক সময় বড় সংখ্যার লোক উপস্থিত দেখানোর চেষ্টা করা হয়, যা বাস্তবে তাদের স্বশরীর উপস্থিতি নয়। যদি তারা সত্যিই সক্রিয় হতো, তবে জুলাইয়ের অভ্যুত্থানের সময় তারা মাঠে থাকতে পারত।”
এনসিপি ও গণঅধিকার পরিষদ একত্রিত করার প্রসঙ্গে তিনি জানান, “আমরা একই আদর্শ ও দৃষ্টিভঙ্গির, তরুণ প্রজন্মের রাজনৈতিক দল। নির্বাচনে কিভাবে একত্রে অংশ নেওয়া যায়, সে বিষয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করছি। বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে ইউনাইটেড হিসেবে দেখতে চায়। আমাদের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। আশা করি, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে আমরা জনগণের সমর্থন পেয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারব।”