রাজনীতি
ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ
ইতিহাসে রাজনৈতিক দায়ভার রয়েছে এমন কোনো দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জোট গঠনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্ট’ বাতিলসহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো যদি স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়, তাহলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।”
তিনি আরও বলেন, “যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, বা ঐকমত্য কমিশন যেগুলো নথিভুক্ত করেছে, সেগুলো গণভোটে যাবে। সংবিধান সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জনগণ।”
শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, “নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে আমাদের শাপলা প্রতীক দিচ্ছে না। এটা রাজনৈতিকভাবে অন্যায়। প্রয়োজনে আমরা রাজপথে নেমে আমাদের দাবি আদায় করব।”
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আগের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও আহ্বান জানান, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করুক— যাতে জনগণের আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত হয়।”