রাজনীতি
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। দলটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এনসিপির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির নেতারা উপস্থিত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করবেন।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। সে সময় এনসিপি এতে স্বাক্ষর না করলেও আজ আনুষ্ঠানিকভাবে দলটির যুক্ত হওয়ার মধ্য দিয়ে সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়তে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদে এনসিপির স্বাক্ষর অন্তর্বর্তী সরকারের সংস্কার ও ঐকমত্যমূলক রাজনৈতিক প্রক্রিয়ায় দলটির সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত বহন করে। এতে চলমান রাজনৈতিক সমঝোতা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে নতুন মাত্রা যোগ হতে পারে।