রাজনীতি

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:০৬ এএম

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন
ছবি: সংগৃহীত

নিজেকে অবিবাহিত দাবি করে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন।

স্ট্যাটাসে মনিরা শারমিন উল্লেখ করেন, ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর দীর্ঘদিন ধরে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছেন। এর প্রতিবাদে তিনি সামাজিক মাধ্যমে মত প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনসহ পরবর্তী সময়ের আন্দোলনে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, তখনকার নেতৃত্ব তরুণদের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়নি।

তিনি আরও বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবে না দিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ গুজব ছড়ানো হচ্ছে। এমনকি দাবি করা হচ্ছে, তিনি নাকি এক ছাত্রলীগ নেতাকে বিয়ে করে চাকরি পেয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা।

মনিরা শারমিন স্পষ্ট করে বলেন, তিনি এখনো বিয়ে করেননি। এ ধরনের অপপ্রচারকে তিনি শুধু অসত্যই নয়, হাস্যকর বলেও উল্লেখ করেন। তার ভাষায়, নারীদের রাজনৈতিক মতামতের জবাবে চরিত্রহননের চেষ্টা দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুতর অসুস্থতা।

তিনি আরও জানান, সত্য প্রতিষ্ঠার স্বার্থেই তিনি এ বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। তবে যারা রাজনৈতিক বিতর্কে অংশ নিতে না পেরে ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিচ্ছেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনায় যাওয়ার আগ্রহ নেই বলেও জানান তিনি।

এর আগে, গণঅধিকার পরিষদের এক নেতা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেন, মনিরা শারমিন এক ছাত্রলীগ নেতাকে বিয়ে করে সরকারি চাকরি নিয়েছেন। পাশাপাশি তার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।