রাজনীতি

জামায়াত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে সংসদীয় তদন্ত দাবি করলেন তাসনিম জারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

জামায়াত এমপি গাজী নজরুলের বিরুদ্ধে সংসদীয় তদন্ত দাবি করলেন তাসনিম জারা
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অভিযোগের বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক কিছু তথ্য সামনে এসেছে। তাই একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্ট ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন। আর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংসদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তাসনিম জারা বলেন, বর্তমানে যে অভিযোগ সামনে এসেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। অভিযোগ অনুযায়ী, চাকরির আশ্বাস দিয়ে এক তরুণীকে একা কক্ষে নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, অভিযোগ ওঠা মানেই তা প্রমাণিত নয়। তবুও বিষয়টি সংসদের উপেক্ষা করা উচিত হবে না।

তিনি জানান, সংশ্লিষ্ট তরুণীর জীবনবৃত্তান্ত অনুযায়ী তার বয়স ১৮ বছর। পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি চাকরির সন্ধানে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি চাকরি শুধু ব্যক্তিগত কর্মসংস্থানের বিষয় নয়, বরং পুরো পরিবারের জীবিকার সঙ্গে জড়িত।

চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতির সমালোচনা করে তাসনিম জারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষ অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের ওপর নির্ভর করতে বাধ্য হন। এই সংস্কৃতির পরিবর্তন না হলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ থেকেই যাবে।

তিনি আরও বলেন, সংসদ যদি এ ধরনের অভিযোগের বিষয়ে নীরব থাকে, তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল দিলেও চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতি এখনো বিদ্যমান। তার মতে, এই ব্যবস্থার পরিবর্তন না হলে সাধারণ মানুষ ভবিষ্যতেও একই ধরনের ঝুঁকির মুখে পড়বেন।