রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা ও সংসদ সদস্যের বাসায় আগুন দেওয়ার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার ২০ নভেম্বর বিকেল ৪টা ১৮ মিনিটে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, সংসদ সদস্যের বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?
এদিকে পাঁচ দফা দাবি আদায়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। দাবিগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।
আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, পাঁচ দফা দাবি আদায়ে ৩৯ দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে দলটির বিচার দাবি করে আসছে। তবে বর্তমানে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির সদস্যসচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এর বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়তে আগ্রহী এনসিপি।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন অভিযোগ করেন, গোপালগঞ্জে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। দেশি অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছেন এবং মানুষের ওপর হামলা চালাচ্ছেন। এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে সভায় যুক্ত হন। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।