রাজনীতি

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে: নাহিদের মন্তব্যের জবাবে সাদিক কায়েম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে: নাহিদের মন্তব্যের জবাবে সাদিক কায়েম
আবু সাদিক কায়েম (ইনসটে নাহিদ ইসলাম)। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লব নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে যেভাবে জুলাই আন্দোলনের কিছু ব্যক্তিকে ছোট করার চেষ্টা করেছেন, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, “আমার ভূমিকা নিয়ে যেভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, তা শুধু অনৈতিক নয়, বরং ইতিহাস রচনার পথেও বাধা সৃষ্টি করছে।”

তিনি জানান, ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত মূল নেতৃত্বের অনেকেই আন্দোলন থেকে অনুপস্থিত থাকায় তিনি এবং তার সহযোদ্ধারা মাঠে সক্রিয় ছিলেন। ইন্টারনেট ব্ল্যাকআউট, কারফিউ, দমন-পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তারা নিরলস কাজ করেছেন।

সাদিক বলেন, “আমি কখনো নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করিনি। কিন্তু বাস্তব পরিস্থিতিতে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় আমাদের দ্বিতীয় সারির টিম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।”

তিনি বলেন, “৯ দফা প্রস্তাব তৈরিসহ সেগুলো দেশের এবং বিদেশি বিভিন্ন স্টেকহোল্ডারের কাছে পৌঁছে দেওয়া, প্রতিদিনের কর্মসূচি নির্ধারণ, সমন্বয়কারীদের সেফ হাউজে রাখা—এসব কাজ ওই সংকটময় সময়ে আমরা করেছি।”

জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস সামনে আনার ওপর গুরুত্বারোপ করে সাদিক কায়েম বলেন, “এই ঘটনাগুলো চেপে গেলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিকৃত ইতিহাসই পাবে। তখন কেউ জানবে না কারা প্রকৃত সংগ্রামী ছিল, আর কারা আন্দোলনের সুযোগ নিয়ে পরবর্তীতে নিজেদের বিপ্লবী সাজিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত যারা ‘গুমের নাটক’ বা আত্মগোপনের পথ বেছে নিয়েছিলেন, কেউ কেউ আবার আন্দোলন দমন করে ক্যাম্পাস খোলার আন্দোলন করেছেন—তারাই পরে নিজেকে ‘মহাবিপ্লবী’ হিসেবে তুলে ধরেছেন। ইতিহাস এই ভণ্ডামিকে একদিন ধরে রাখবে না।”

আবু সাদিক কায়েম শেষে বলেন, “আমার বক্তব্যের কোথাও আমি নিজেকে নায়ক বা মাস্টারমাইন্ড হিসেবে দাবি করিনি। আমি সবসময় বলেছি, আমাদের নায়ক হচ্ছেন শহিদেরা, যারা নিজের জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছেন। এ আন্দোলন ছিল আপামর জনতার সম্মিলিত চেতনার বিস্ফোরণ।”