রাজনীতি

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪৩ পিএম

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর
নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

প্রশাসনে বিএনপি-জামায়াতের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

নুর বলেন, জুলাই অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে হলেও এতে বিভিন্ন সংগঠন জড়িত ছিল। এ দেশে পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো অভ্যুত্থান সফল হয়নি।

জনপ্রশাসন ও পুলিশে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সংস্কারের কথা বলা হলেও প্রশাসন ও পুলিশ বিভাগে সংস্কারকে গুরুত্ব দেয়া হয়নি। পুলিশকে যারা পেটোয়া বাহিনী বানিয়েছে, সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

প্রশাসনে বিএনপি-জামায়াতপন্থিদের পুনর্বাসন নিয়ে তিনি বলেন, এটি সঠিক সিদ্ধান্ত নয়। জনগণের প্রত্যাশার সঙ্গে এটি সাংঘর্ষিক।

ছাত্রদের ত্যাগ ও অবদান স্মরণ করে নুর আরও বলেন, অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ভুলে গেলে তার পরিণতি শুভ হবে না।
 
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘কেন বারবার জীবন দিতে হচ্ছে? শহীদদের শ্রদ্ধা জানাতে হচ্ছে? তাহলে কি ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না?’