রাজনীতি

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল ১৩ নভেম্বর, তবে নতুন ঘোষণা অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীরা এখন ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী সময়সীমা বৃদ্ধির এ ঘোষণা দেন। এর আগে ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল দলটি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও স্বচ্ছ রাখার লক্ষ্যেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দেশব্যাপী আগ্রহী নেতাকর্মীরা সুবিধামতো আবেদন করতে পারেন।

মনোনয়ন ফরম সংগ্রহের জন্য দুইটি পদ্ধতি রাখা হয়েছে— অনলাইন এবং সরাসরি।

যেকোনো আবেদনকারী এনসিপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে মনোনয়ন ফরম পূরণ ও জমা দিতে পারবেন।

সরাসরি আবেদনকারীরা দুই উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন—

১. এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করে।

২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যোগাযোগ করে ফরম সংগ্রহের মাধ্যমে।

এনসিপি আশা করছে, সময়সীমা বাড়ানোয় মনোনয়নপ্রত্যাশীদের অংশগ্রহণ আরও ব্যাপক হবে এবং দলীয় প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হবে।