রাজনীতি

নির্বাচনে বিজয়ী হলেন দুই নারী প্রার্থী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

নির্বাচনে বিজয়ী হলেন দুই নারী প্রার্থী
ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের রাজনীতিতে নতুন বাস্তবতাকে সামনে এনেছে কর্মী-সমর্থক এবং ভোটাররা। চারটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নারী ছিলেন তিনজন। শেষ পর্যন্ত বিজয়ের হাসি ফুটেছে দুই নারী প্রার্থীর মুখে।

তারা হলেন, শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২) এবং চৌধুরী নায়াব আহমেদ ইউসুফ (ফরিদপুর-৩)।

এলাকাবাসী বলছেন, এটি শুধু দুটি আসনের ফল নয়, বরং উত্তরাধিকার, সাংগঠনিক শক্তি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও জন-আস্থার সমন্বয়ে গড়ে ওঠা এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা। এই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, রাজনৈতিক উত্তরাধিকার পথ দেখাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে জনগণের বিশ্বাস ও মাঠের জনসংযোগ।

ফরিদপুর-২ : জেলার সালথা-নগরকান্দা আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে ৩২ হাজারের বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন শামা ওবায়েদ ইসলাম ওরফে রিংকু।

রাজনৈতিকভাবে এই আসনটি দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমন প্রেক্ষাপটে তার জয়কে অনেকেই সাংগঠনিক ধারাবাহিকতার সফল প্রয়োগ হিসেবে দেখছেন।
প্রয়াত বিএনপি মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের কন্যা হিসেবে শামার পরিচয় দীর্ঘদিনের। কিন্তু এবারের নির্বাচনে তিনি বারবার বলেছেন, আমি উত্তরাধিকারকে সুবিধা হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখি।

ফরিদপুর-৩ :  ফরিদপুর সদর আসনে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ।

এই আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তার বিজয়কে বিএনপির জন্য আস্থা পুনরুদ্ধার হিসেবেই দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। নায়াব ইউসুফ সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। তবে নিজস্ব সাংগঠনিক কর্মকাণ্ড ও মহিলা দলে সক্রিয় ভূমিকার মাধ্যমে আলাদা পরিচিতিও তৈরি করেছেন তিনি।

দুই নেত্রীর রাজনৈতিক ভাষ্যে, একটি মিল লক্ষণীয়-তারা রাজনীতিকে ‘ক্ষমতার প্রতিযোগিতা’ হিসেবে নয়, ‘দায়িত্বের ক্ষেত্র’ হিসেবে তুলে ধরছেন প্রচার-প্রচারণার সময় সভা-সমাবেশে।