রাজনীতি
নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের এবং পরিবারের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, তার ব্যক্তিগত দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাবে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা জমা আছে। উপদেষ্টা হিসেবে ১৬ মাস দায়িত্ব পালনকালে তার বেতন, ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা বেতন হিসাবেই জমা হয়েছে।
সরকারে যোগদানের আগে ওই বেতন হিসাবে ৫০ হাজার টাকা ছিল। পরে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮২ হাজার টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে সেখানে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
পরিবারের হিসাব সম্পর্কে তিনি জানান, তার বাবার পাঁচটি হিসাবে বর্তমানে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে ১০ লাখ টাকার একটি সার্ভিস ঋণের মধ্যে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা বাকি আছে। হিসাব সমন্বয় করলে এখনো ৮২ হাজার ৪৫ টাকা ঋণ অবশিষ্ট থাকে। তার মায়ের হিসাবে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর হিসাবে রয়েছে ৬১৩ টাকা।
এর আগে গত সোমবার (২ মার্চ) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গ সামনে আসার পর থেকেই এসব আলোচনা শুরু হয়েছে। ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করার চেষ্টা হচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি।