রাজনীতি
আংশিক নয়, পুরো জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জুলাই প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করতে হবে জানিয়ে আমির বলেন, সে প্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য, সেটুকুই তারা চান। ‘তাই আপাতত আমরা ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়টি ভাবছি না,’ বলেন তিনি।
দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চায় জামায়াত ইসলামী উল্লেখ করে তিনি বলেন, সরকার ভুল করলে তারা পরামর্শ দেবেন, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবেন, আর বিশেষ ক্ষেত্রে আদালতেও যাবেন।
এসময় সরকারি দলকে জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্যথায় এবারের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। ‘কারণ, সংবিধানের কথা বলা হলে ২০২৬ সালে কোনো ভোট ছিল না,’ বলেন তিনি।
এদিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে জামায়াতের আমির বলেন, সময়মতো জাতি তা দেখতে পাবে। ‘সূর্য উঠলে তখন তার প্রতিফলন দেখা যায়।’
আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধী দলকে সংসদে যথেষ্ট সুযোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির।