রাজনীতি

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতা প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছেন। 
 
রবিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সভাপতি।

আহতদের পরিবার জানায়, রাতের দিকে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগম দুই পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় হামলাকারীরা ওসমানের বাবা রশিদ আহমদকেও মারধর করে আহত করে।
 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মা আছিয়া বেগমের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে বলে জানা গেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।