রাজনীতি
প্রধানমন্ত্রীর সাথে এডিটেড ছবি শেয়ারের কারণে বহিষ্কার হলেন সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও সম্পাদিত ছবি প্রচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিয়াদ আহমেদ রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের একটি সম্পাদিত, ভুয়া ও বিকৃত ছবি প্রচার করেছেন, যা সংগঠনের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু শৃঙ্খলাবিরোধীই নয়, বরং ফৌজদারি অপরাধের পর্যায়েও পড়ে এবং এটি সংগঠনের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনায় তাকে সংগঠনের সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, রিয়াদ আহমেদ রাজ ছাত্রদলের শ্রাবণ-জুয়েল কমিটিতে সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে বর্তমান রাকিব-নাছির কমিটিতে তিনি কোনো পদ পাননি। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি ছাত্রদলের উপ-কমিটিতে যুক্ত ছিলেন।
সম্প্রতি একটি এডিটেড ছবিতে তাকে তারেক রহমানের সঙ্গে দেখা যায়, যা তিনি ফেসবুকে শেয়ার করে ‘আস্থা, বিশ্বাস! তারেক রহমান’ লিখে পোস্ট করেছিলেন। এরপরই বিষয়টি বিতর্কের জন্ম দেয় এবং সংগঠনের নজরে আসে।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে রিয়াদ আহমেদ রাজ বলেন, একজন পরিচিত ছোট ভাই ছবিটি তৈরি করে তাকে দিয়েছিলেন। আবেগাপ্লুত হয়ে যাচাই না করেই তিনি সেটি শেয়ার করেন, যা তার করা উচিত হয়নি বলেও স্বীকার করেন।
তিনি জানান, দীর্ঘ ১৭ বছর রাজপথে সক্রিয় থাকার কথা উল্লেখ করে দলের কাছে নিজের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলেও আশ্বাস দিয়েছেন।