রাজনীতি
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি বলেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে জামায়াতে ইসলামীর সমালোচনা করলেও বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারী দলটির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান নিয়েছেন।
বুধবার (১৩ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এ কথা লেখেন।
পোস্টে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী একসময় জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। তার অভিযোগ, এখন সেই অবস্থান বদলে বিএনপির সমালোচনা করছেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াত নিয়ে অতীতে করা বিভিন্ন মন্তব্যের পরও তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা আসন ভাগাভাগির প্রসঙ্গ তোলা ‘বিরোধপূর্ণ আচরণ’। একই সঙ্গে তিনি এনসিপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘ডোপ টেস্ট’ করানোর কথাও উল্লেখ করেন।
রাশেদ খাঁন দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে জামায়াতপন্থী অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের সাবেক কর্মী হিসেবেও পরিচয় দিচ্ছেন। তবে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তিনি নাসীরুদ্দীনকে ভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে সম্পৃক্ত দেখেছেন।

রাশেদ খাঁনের এই বক্তব্য নিয়ে এখনো জাতীয় নাগরিক পার্টি বা নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।