রাজনীতি

এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, ফাঁস হলো অডিও 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:০৯ এএম

এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, ফাঁস হলো অডিও 
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হামলা এবং পায়ে গুলি করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে—এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা ও উদ্বেগ।

ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও অডিওটির সত্যতা এবং এতে শোনা কণ্ঠগুলোর পরিচয় এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের বলে ধারণা করা হচ্ছে। তবে অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” 

জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরও লোকজনের চাপে আসে।”

কথোপকথনের এক পর্যায়ে অপর ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করার কথাও উল্লেখ করেন। এর জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তি বলেন, “এসব করলে পুলিশ আসবে, সেনাবাহিনী আসবে, এমপি আসবে।”

অডিওটি প্রকাশের পর একজন নির্বাচিত সংসদ সদস্যকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনার ইঙ্গিত এবং সেখানে তার ঘনিষ্ঠ সহযোগীর কথিত সম্পৃক্ততার অভিযোগ স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে এ তথ্যেরও কোনো স্বাধীন যাচাই পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে আরমান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুলিশ এখনো কোনো অডিও ক্লিপ বা এ-সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য পায়নি।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য আসেনি।”

লোহাগাড়া থানার কর্মকর্তারাও এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।