রাজনীতি
মঙ্গলবার রাজধানীতে ১১ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ
গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ সব ধরনের হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সঙ্গে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
এর আগে সকাল ১০টায় একই কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিচার দাবিতে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে।