রাজনীতি

‘বাকি জীবন বিএনপি করে থাকতে চাই’: নরসিংদীতে আ. লীগ নেতা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম

‘বাকি জীবন বিএনপি করে থাকতে চাই’: নরসিংদীতে আ. লীগ নেতা
ছবিঃ সংগৃহীত

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, জেলা তাঁতি লীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আলী আহমেদ দুলু দাবি করেন, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব জোর করে ফেল করাইছে এবং আমাকে হয়রানি করেছে। নির্বাচন অফিসে আটকে রাখা হয়েছে। অনেক হয়রানি হইছি। আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি একসময় ছাত্রদল করতাম। ১৯৮১ সাল থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। চেয়ারম্যান হওয়ার পর যে দলই ক্ষমতায় এসেছে, তাদের সঙ্গে ভারসাম্য রেখে চলেছি। কিন্তু অরিজিনালি আমি বিএনপির লোক। আমার এলাকার অধিকাংশ মানুষও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’

বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি আমার ঘরে ফিরে এসেছি। আজ সাংবাদিকদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এখন থেকে আমি বিএনপির রাজনীতি করব এবং বাকি জীবন এই দলের সঙ্গেই থাকতে চাই।’

আলী আহমেদ দুলুর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তবে স্থানীয়দের একাংশের দাবি, আলী আহমেদ দুলু রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দলটির সমর্থন নিয়ে একাধিকবার অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক পদেও দায়িত্ব পালন করেন।

তার বিএনপিতে যোগদানের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগ বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।