রাজনীতি

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, বিরোধী পক্ষ দাবি করছে সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে এর ফয়সালা হবে, কিন্তু এ ধরনের ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অধ্যাপক এমাজউদ্দিন আহমদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি।

গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বিষয়গুলোর একটি অংশ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে দলটি কখনোই একমত ছিল না। তিনি দাবি করেন, তাদের সম্মতি ছাড়াই সংস্কার কমিশন কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে এবং সে সময় এ নিয়ে তিনি প্রতিবাদও জানিয়েছিলেন।

তিনি বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। বিএনপি যেমন তাদের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ। তবে বিরোধী দল ভুলভাবে প্রচার করছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের সূচনা বিএনপিই করেছে। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান—সবই বিএনপির উদ্যোগে এসেছে বলে তিনি দাবি করেন।

বর্তমান সংবিধান বিতর্ক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধান সংশোধনের পক্ষে, নতুন সংবিধান প্রণয়ন বা মৌলিকভাবে পরিবর্তনের পক্ষে নয়।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেই প্রতিশ্রুতিবদ্ধ। তার অভিযোগ, বিরোধী দল রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি চায় না, জুলাই আন্দোলনের চেতনা শুধুমাত্র ক্ষমতার রাজনীতির হাতিয়ারে পরিণত হোক।

সমালোচনার জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির লাখো নেতাকর্মী মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন। তাই দলটির ভূমিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যের শেষদিকে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে উদার গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের মতো জাতীয় অর্জনগুলোকে ধারণ করেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। এছাড়া বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এবং অধ্যাপক এমাজউদ্দিন আহমদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুম।