রাজনীতি

বিদ্যুৎ-জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের চিঠি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

বিদ্যুৎ-জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের চিঠি
ছবিঃ সংগৃহীত

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটের সময়ে নীরব থাকার সুযোগ নেই। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।

এসব সমস্যা নিয়ে আলোচনা ও দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।