রাজনীতি

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
ছবিঃ সংগৃহীত

বিএনপির জনপ্রিয়তার পেছনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে ছিলেন। তিনি বিভিন্ন সময়ে নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
 
তিনি বলেন, ‘বিএনপি যে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর খালেদা জিয়া।’ দীর্ঘদিন সংগ্রাম করেও তিনি নিজের আদর্শ ও অবস্থানের সঙ্গে আপস করেননি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপিকে আধুনিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আগামী দিনে দলকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে বিএনপি সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হয়।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সরকার গঠন করায় মানুষের প্রত্যাশা বেড়েছে। খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তীতে দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আগামী দিনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।