রাজনীতি
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রীকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাদিয়া আক্তার নেত্রকোনা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, কয়েকজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে সাদিয়া আক্তার ৩ হাজার টাকা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ৮ সেপ্টেম্বর কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন বলে জানা গেছে।
পরদিন ৯ সেপ্টেম্বর সাদিয়া আক্তারের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার মামলা করেন প্রিয়া আক্তার নামে এক নারী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি।
অভিযোগের বিষয়ে সাদিয়া আক্তারের বক্তব্য এবং দলীয় তদন্তের পরবর্তী সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।