রাজনীতি
যে কোনো সময় এক দফা দাবি আসতে পারে: হুঁশিয়ারি জামায়াত আমিরের
জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দাবি যেকোনো সময় এক দফা দাবিতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মসূচির পর অনেকের মাথা গরম হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে তাদের দাবি আট দফা। এই দাবি নয় দফা বা ১০ দফায় পরিণত হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় তা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি।
জামায়াত আমির বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়া উচিত। দাবি মানতে ব্যর্থ হলে কোনো ধরনের ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, তারা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছেন। ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে রয়েছে দাবি করে তিনি বলেন, জনগণের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে তাদের কর্মসূচিতে।
সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।