রাজনীতি

৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল গণঅধিকার পরিষদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল গণঅধিকার পরিষদ
সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সভাপতি নুরুল হক নুর।

সংবাদ সম্মেলনে নুর বলেন, "এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ১১ মাসের অভ্যন্তরীণ সরকারের অভিজ্ঞতা আমাদের জন্য স্বপ্ন ভাঙার মতো। এখনই সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করার।"

ঘোষিত প্রার্থীদের তালিকায় দলের শীর্ষ নেতারাই রয়েছেন। সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসনে প্রার্থী হচ্ছেন।

দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ কিশোরগঞ্জ-১, শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, হানিফ খান সজিব রংপুর-১, শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১ এবং অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম-৩ আসনে নির্বাচন করবেন।

এছাড়া যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন চট্টগ্রাম-১৪, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন টাঙ্গাইল-৭, সহসভাপতি মো. জাহিদুর রহমান মুন্সিগঞ্জ-১, এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি চট্টগ্রাম-৯ আসনে লড়বেন।

এদিন গাইবান্ধা-৩ আসনে দলের সহসভাপতি মো. সুরুজ্জামানের নামও ঘোষণা করা হয়। এছাড়া আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভিন্ন আসনে প্রার্থী হচ্ছেন, যেমন—ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১), মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩), মো. ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ-১), ও নাছরিন আক্তার লাকী (চট্টগ্রাম-৩)।

নুর বলেন, "এই সরকারের দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন—সে বিষয়ে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। প্রশাসনকেও ঢেলে সাজাতে হবে, নয়তো জনগণের আস্থা ফিরে আসবে না।"

তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিবাদকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে। আর সরকার পদে পদে আমাদের দমন ও অপমান করেছে।”

গণ অধিকার পরিষদের এই প্রার্থী তালিকা তাদের নির্বাচনী প্রস্তুতির অংশ হলেও, নুরুল হক নুরের বক্তব্যে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে শঙ্কার ছায়া স্পষ্ট। দলটি জানায়, পর্যায়ক্রমে আরও আসনে প্রার্থী ঘোষণা করা হবে।