রাজনীতি
চার বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘ভূমিধস’ জয় রহস্যজনক: নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোতে সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ছাত্রদল ও শিবির অনেক সময় ক্যাম্পাসে যেতে পারতো না এবং প্রকাশ্যে তাদের পরিচয়ও দিতো না, শিবিরের ক্ষেত্রে এটি ছিল একেবারে নিষিদ্ধ। তারপরও চারটি বিশ্ববিদ্যালয়ে তাদের জয় “রহস্যজনক” বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে নুরুল হক নুর বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় এক ধরনের ভূমিধসের মতো। তিনি প্রশ্ন তুলেছেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণরা কেন তাদের ভোট দিল?”
নুর বলেন, শিবিরের এই সাফল্যের পেছনে কাজ করছে ‘কল্যাণভিত্তিক রাজনীতি’। তারা ছাত্রদের নানা সুযোগ-সুবিধা দেয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, কিছু হাসপাতালে শিবির সদস্যদের পরিবারের জন্য বিশেষ চুক্তি করেছে, যেখানে তারা কম খরচে চিকিৎসা সুবিধা পায়।
তিনি আরও মন্তব্য করেন, “সুবিধার বিনিময়ে ভোট প্রদানের এই প্রবণতা আমরা গ্রামেও দেখি। মানুষ ছোট খরচে ভোট বিক্রি করে দেয়। যে তরুণদের নিয়ে আমরা উন্নয়ন ও পরিবর্তনের স্বপ্ন দেখি, তারা যদি একইভাবে ভোট দেয়, তাহলে প্রশ্ন ওঠে তাদের জনসচেতনতা ও বিচক্ষণতার।”