রাজনীতি
জামায়াত জোটের প্রার্থী রাঙ্গাবালী আ. লীগের উপদেষ্টা ডা. জহির উদ্দিন
পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. জহির উদ্দিন আহমেদ।
তিনি আওয়ামী লীগ সরকারের সময় রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিশের মনোনয়নে তিনি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
১০ দলীয় জোটের একাধিক সূত্র জানিয়েছে, এ আসনে জোটের সম্ভাব্য প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তবে ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় নতুন করে প্রার্থী নির্ধারণ করা হয়। পারিবারিক ঐতিহ্য, স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় এলাকায় সুনাম থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. জহির উদ্দিন আহমেদকে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
মনোনয়ন প্রসঙ্গে ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, “আমাকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। আমি নির্বাচন করব।” তিনি আরও বলেন, “ছাত্রজীবন থেকে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম না। দীর্ঘ ১৯ বছর বিদেশে অবস্থান করেছি। দেশে ফিরে ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। পরবর্তী উপজেলা নির্বাচনে তৎকালীন এমপি-মন্ত্রী মহিবুর রহমান মহিবের চাপে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হয়।”
তিনি দাবি করেন, ওই সময় তাকে আওয়ামী লীগের উপদেষ্টা বানানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সম্মত হননি। ডা. জহির বলেন, “একজন এমপি বা মন্ত্রী দলের সাংগঠনিক পদ দিতে পারেন না। দলীয় পদ পেতে হলে জেলা কমিটির অনুমোদন বা কাউন্সিলের মাধ্যমে হতে হয়।”
এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির মো. নাজমুল আহসান বলেন, “ডা. জহির উদ্দিন আহমেদকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। এটি জোটের সর্বসম্মত সিদ্ধান্ত। জোটের সব শরিক দল তার পক্ষে কাজ করবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ মে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের প্যাডে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মজিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন খানের স্বাক্ষরিত এক চিঠিতে ডা. জহির উদ্দিন আহমেদকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। চিঠিতে বলা হয়, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের অভিপ্রায় ও উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।