রাজনীতি

পিপলস লীগকে নিবন্ধন দিতে ইসিকে তিন মাস সময় দিল হাইকোর্ট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

পিপলস লীগকে নিবন্ধন দিতে ইসিকে তিন মাস সময় দিল হাইকোর্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

এর আগে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেও সাড়া না পাওয়ায় দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট শুনানিতে দলটির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

দলটির মহাসচিব জানান, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ পিপলস লীগ ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করে। তবে ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে একই বছর রুল জারি হয়। পরবর্তীতে সেই রুলের শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।