সারাদেশ

বাবা হওয়ার আনন্দ পুরোপুরি উপভোগ করার আগেই দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

বাবা হওয়ার আনন্দ পুরোপুরি উপভোগ করার আগেই দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের
ছবি: সংগৃহীত

বাবা হওয়ার আনন্দ পুরোপুরি উপভোগ করার আগেই মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় তিনি নিহত হন। একই ঘটনায় আরও এক সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

পিয়াসের মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তার ঘর আলো করে জন্ম নেয় সন্তান। নবজাতককে কোলে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখার সময়ই আকস্মিক মৃত্যু কেড়ে নিল সেই সুযোগ। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই বাবাহারা হলো পিয়াসের সন্তান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। আহত সেনা কর্মকর্তাকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

নিহত পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে। তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকেই পিয়াস ছিলেন শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা এবং সহজ-সরল ব্যবহারের কারণে এলাকায় তার আলাদা পরিচিতি ছিল। স্বজন ও প্রতিবেশীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

চাকরির কারণে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। কয়েকদিন আগেই তার সন্তান জন্ম নেওয়ায় পরিবারে ছিল আনন্দের পরিবেশ। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। আকস্মিক দুর্ঘটনার খবরে মুহূর্তেই পরিবারে নেমে আসে শোকের ছায়া।

পিয়াসকে হারিয়ে শোকস্তব্ধ তার স্বজন ও প্রতিবেশীরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সুন্দলপুর ইউনিয়নসহ পুরো কবিরহাটে শোকের আবহ তৈরি হয়। শেষবারের মতো তাকে দেখতে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে আসেন।

স্থানীয়রা বলেন, দেশের সেবায় নিয়োজিত অবস্থায় একজন তরুণ সেনাসদস্যের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে সদ্যোজাত সন্তানকে রেখে পিয়াসের চলে যাওয়ার ঘটনা তাদের শোককে আরও ভারী করে তুলেছে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদম পুষ্প চাকমা পিয়াসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে সদ্যোজাত সন্তানকে রেখে তার মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।