প্রবাস

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া


প্রবাস ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০২:৩৪ পিএম

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়া সরকার অবশেষে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) চালু করেছে। এ সিদ্ধান্ত বাংলাদেশি অভিবাসীদের জন্য এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈধ পিএলকেএস (PLKS) ভিসাধারী শ্রমিকদের জন্য এই MEV সুবিধা কার্যকর হবে। আন্তর্জাতিক প্রবেশপথে দেশটির ইমিগ্রেশন বিভাগ এটি বাস্তবায়ন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই ভিসা ব্যবস্থার ফলে অভিবাসী শ্রমিকরা দেশের বাইরে যাতায়াত আরও সহজে ও নির্বিঘ্নে করতে পারবেন। পাশাপাশি, ভিসা অপব্যবহার কমবে এবং মালয়েশিয়ায় অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনে ভিসা সংক্রান্ত চাপ হ্রাস পাবে।

বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। এতদিন মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে নানা সীমাবদ্ধতা ও দুর্ভোগের মুখে পড়তে হতো। এখন থেকে জরুরি প্রয়োজনে স্বদেশে যাওয়া ও পুনরায় কর্মস্থলে ফিরে আসা হবে আরও সহজ ও নিয়মতান্ত্রিক।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানায়, দীর্ঘদিন ধরেই তারা এই বিষয়ে কাজ করে আসছিল। ১৫ জুলাই এক ফেসবুক পোস্টে হাইকমিশন MEV চালুর বিষয়ে আভাস দিয়েছিল।

বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। গত মে মাসে মালয়েশিয়া সফরকালে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর ১০ জুলাই এ বিষয়ে একটি পরিপত্র জারি করে মালয়েশিয়ার সরকার।

উল্লেখ্য, মালয়েশিয়া বর্তমানে বিশ্বের ১৫টি দেশ থেকে শ্রমিক নিচ্ছে, কিন্তু এতদিন শুধু বাংলাদেশিদের ক্ষেত্রেই সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু ছিল। MEV চালুর মাধ্যমে অবশেষে বাংলাদেশি শ্রমিকরাও পাচ্ছেন সমান সুযোগ।