প্রবাস

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন, দোকানের ফ্রিজে মিলল লাশ


প্রবাস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন, দোকানের ফ্রিজে মিলল লাশ
কাজী মহিউদ্দিন পলাশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে মর্মান্তিকভাবে খুন হয়েছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৬)। নিখোঁজের তিন দিন পর তার নিজের দোকানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মালাউই জাতীয়তার এক কর্মচারীকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বর্বর এই হত্যাকাণ্ডে দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ আফ্রিকা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাশকে তার মালাউইয়ের এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ দোকানের ভেতরে থাকা ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায় ঘাতক। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহতের বড় ভাই কাজী আলমগীর জানান, “তিন দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না, ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করতে গিয়ে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সবকিছু উদঘাটন করে। সেই ভিডিও থেকেই খুনের বিষয়টি নিশ্চিত হয়।”

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের বাসিন্দা কাজী মহিউদ্দিন পলাশ প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। দুই সন্তানের জনক এই প্রবাসী পরিবার-পরিজনের স্বপ্ন পূরণে দেশ ছেড়েছিলেন।

পলাশের মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউএনও মো. আরিফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।