প্রবাস
নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. হেরামন (৬০) ও তার ছেলে নাজমুল রোবেল (৩০)। এছাড়া নড়াইলের ফাহিম আলিম (২৭) ঘটনাস্থলে প্রাণ হারান। জানা গেছে, হেরামন ও নাজমুল বাবা-ছেলে এবং আর ফাহিম নাজমুলের বন্ধু। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও তার এক বছর বয়সী মেয়ে ইকরা। বর্তমানে তারা আলবানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় একটি প্রাইভেটকারে করে বেড়াতে বের হয়েছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। পথে আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন, যার মধ্যে তিনজন বাংলাদেশি।
নিহতদের স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টার-এ তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মার্লবুরো মুসলিম সিমেট্রি-তে দাফন সম্পন্ন করা হবে।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।