প্রবাস

পাঁচ বছরের সন্তানকে বহুতল ভবন থেকে ছুড়ে ফেলে দিল মা


প্রবাস ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:০৩ এএম

পাঁচ বছরের সন্তানকে বহুতল ভবন থেকে ছুড়ে ফেলে দিল মা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইর আল-নাদহা এলাকায় হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে বহুতল ভবন থেকে ফেলে দেওয়ার পর আত্মহত্যা করেছেন এক ভারতীয় প্রবাসী নারী।

শনিবার (২৩ মে) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, বুধবার সকালে একটি আবাসিক ভবনের নিচ থেকে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই নারী প্রথমে শিশুটিকে ভবনের ওপর থেকে নিচে ফেলে দেন। পরে তিনি নিজেও লাফ দেন।

জানা গেছে, ৩২ তলা ভবনটির নিচের ছয় তলা পার্কিং ও জিমনেশিয়ামের জন্য ব্যবহৃত হয়। আবাসিক অংশ শুরু হয়েছে তার ওপর থেকে। বুধবার সকাল সোয়া ৭টার দিকে ভবনের ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটে।

ভবনের এক নিরাপত্তারক্ষী জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে গিয়ে তারা এক নারী ও এক শিশুর নিথর দেহ দেখতে পান। শিশুটির মরদেহ সড়কে পড়ে ছিল, আর নারীর মরদেহ পাওয়া যায় ফুটপাথে। পরে দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়।

ঘটনার পর পুলিশ পুরো ভবন ঘিরে তদন্ত শুরু করে এবং সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত এলাকা অবরুদ্ধ রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী দুবাইতে চাকরি করেন। ঘটনার আগের দিন স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল।

নিরাপত্তাকর্মীদের কাছে স্বামী অভিযোগ করেছিলেন, তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন।

জানা যায়, মর্মান্তিক এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছে তাকে।