ধর্ম
ওমরাহযাত্রীদের জন্য সৌদির সুখবর, চালু হলো নতুন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’
ওমরাহযাত্রীদের জন্য সুখবর দিল সৌদি আরব। মুসল্লিদের যাত্রা আরও সহজ ও আধুনিক করতে নতুন এক অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বুধবার (২০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘নুসুক ওমরাহ’ নামের এই বিশেষ সেবা।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ উদ্যোগ সৌদি ভিশন–২০৩০-এর অংশ। এর মূল লক্ষ্য হলো বিশ্বের আরও বেশি সংখ্যক মুসলিমকে ওমরাহ পালনে স্বাগত জানানো এবং তাদের যাত্রা প্রক্রিয়াকে স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করা।
নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে মুসলিমরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, এখান থেকে অনলাইনে ভিসা, আবাসন, পরিবহন, ট্যুরসহ সব ভ্রমণসংশ্লিষ্ট সেবা বুক করা যাবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএর বরাতে আরব নিউজ জানায়, https://umrah.nusuk.sa/ ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। সহজ, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীরা যেন উন্নত মানের অভিজ্ঞতা পান সেটাই এর মূল উদ্দেশ্য।
‘নুসুক ওমরাহ’ বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য একটি অতিরিক্ত বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ বুক করতে পারবেন কিংবা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত কিংবা ট্যুর সেবাও বুক করার সুযোগ পাবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ মুসল্লিদের জন্য যেমন সময় ও অর্থ সাশ্রয়ী হবে, তেমনি সৌদি আরবের পর্যটন খাতেও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।