ধর্ম
জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন কিসওয়াতুল কাবা আতর
মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আজহারি। সাক্ষাৎ শেষে জাকির নায়েকের কাছ থেকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান মিজানুর রহমান আজহারি।
পোস্টে আজহারি জানান, মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসভবনে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। বিদায়ের সময় জাকির নায়েক তাকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দেন। একই সঙ্গে বিশ্বের সব ধর্মপ্রচারককে আল্লাহ নিরাপদে রাখুন বলে দোয়া করেন তিনি।
‘কিসওয়াতুল কাবা’ আতর পবিত্র কাবা শরিফের গিলাফে ব্যবহার করা বিশেষ সুগন্ধির আদলে তৈরি একটি জনপ্রিয় সুগন্ধি হিসেবে পরিচিত।
এদিকে একই দিনে জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে তিনি নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি সংস্করণ জাকির নায়েকের হাতে তুলে দেন।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আহমাদুল্লাহ জানান, মালয়েশিয়ায় প্রখ্যাত ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের সময় তার হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে। তবে জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তী সময়ে তিনি মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।