ধর্ম

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করলো সৌদি আরব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ ভিসাধারীসহ সব ধরনের ভিসার যাত্রীদের সৌদি আরবে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে। এই নিয়ম বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকে বিমানবন্দরে একাধিক যাত্রীকে রিটার্ন টিকিট না থাকার কারণে চেক-ইন কাউন্টারে জটিলতায় পড়তে হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সপ্তাহে সাঈদ মিরান নামে এক আমিরাতি নাগরিক ওমরাহ পালনের উদ্দেশ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার হাতে ওমরাহ ভিসা থাকলেও চেক-ইন কাউন্টারে তাকে থামিয়ে দেওয়া হয় এবং জানানো হয় যে, রিটার্ন টিকিট ছাড়া তাকে বোর্ডিং পাস দেওয়া সম্ভব নয়।

মিরান বলেন, “আমি পরিকল্পনা করেছিলাম মক্কায় কয়েকদিন অবস্থান করব, তারপর সময় হলে মদিনায় যাব। তাই আগে থেকে রিটার্ন টিকিট কাটি নাই। কিন্তু বিমানবন্দরে গিয়ে জানতে পারি, রিটার্ন টিকিট ছাড়া সৌদি আরবে প্রবেশের অনুমতি মিলবে না।”

তিনি আরও জানান, চেক-ইন কাউন্টার বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসছিল, ফলে তড়িঘড়ি করে অনলাইনে রিটার্ন টিকিট কিনতে তাকে প্রায় আধা ঘণ্টা সময় ব্যয় করতে হয়। এরপরই তাকে বোর্ডিং পাস দেওয়া হয়।

আমিরাতের বিভিন্ন ট্রাভেল অপারেটর জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ এবং এয়ারলাইনসগুলো এখন ওমরাহ যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ও ফেরার তারিখ সম্পর্কে নিশ্চিত হতে কঠোর ব্যবস্থা নিয়েছে। তারা বলছেন, “সব ধরনের ভিসাধারী—হোক তা ওমরাহ, ভিজিট কিংবা ট্যুরিস্ট—সবার জন্য রিটার্ন টিকিট এখন বাধ্যতামূলক।”

নতুন এই নিয়মের ফলে যাত্রীদের আগেই ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। ট্রাভেল এজেন্সিগুলোও যাত্রীদের এখন থেকে রিটার্ন টিকিটসহ পূর্ণাঙ্গ ভ্রমণ প্যাকেজ বুক করতে পরামর্শ দিচ্ছে।

এই নিয়ম মূলত সৌদি আরবে যাত্রীদের অবস্থানকাল নির্ধারণ এবং ভিসার মেয়াদ অতিক্রমজনিত সমস্যা প্রতিরোধের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।