সারাদেশ

৭টি শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেললেন বরিশাল শহরের কিছু বাসিন্দা!


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

৭টি শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেললেন বরিশাল শহরের কিছু বাসিন্দা!
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন এলাকায় সাতটি শিয়াল হত্যা করে রান্না করে রুটি দিয়ে খাওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস বিক্রির প্রচারণা চালানোর ঘটনাও সামনে এসেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি এই বন্যপ্রাণীগুলো হত্যা করে। পরে ‘নাইম রাজ’ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি বিতর্কিত পোস্ট দেওয়া হয়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেন ও বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

পরিবেশবাদীরা বলছেন, দেশের প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে এভাবে বন্যপ্রাণী হত্যা ও মাংস বিক্রির প্রচারণা চালানো গুরুতর অপরাধ। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লোক পাঠানো হবে।