সারাদেশ

ওটিতে নেওয়ার সময় সুস্থ, সিজারের পর বমি করেই মারা গেলেন মাইশা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

ওটিতে নেওয়ার সময় সুস্থ, সিজারের পর বমি করেই মারা গেলেন মাইশা
ছবি: সংগৃহীত

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর নাজিয়া রহমান মাইশা নামে ৩০ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, সুস্থ অবস্থায় অস্ত্রোপচার কক্ষে যাওয়ার পর অ্যানেসথেসিয়া দেওয়ার পরপরই মাইশা অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসকদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে।

মাইশার স্বামী হাফিজ আহমেদ অভিযোগ করে বলেন, সুস্থ অবস্থায় অস্ত্রোপচার কক্ষে যাওয়া একজন মানুষ সেখান থেকে মৃত হয়ে বের হওয়া মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের অবহেলার কারণেই এমন মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।

মাইশার স্বজন সাজ্জাদ হোসেন নয়নের অভিযোগ, অ্যানেসথেসিয়া দেওয়ার পর মাইশা বমি করতে শুরু করেন। তার দাবি, অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া চিকিৎসক রোগীর পাশে ছিলেন না। স্পাইনাল অ্যানেসথেসিয়া দেওয়ার পর তিনি অন্য রোগীর কাছে চলে যান বলেও অভিযোগ করেন নয়ন।

স্বজনদের আরও অভিযোগ, হাসপাতালের চারটি অস্ত্রোপচার কক্ষের জন্য একজন চিকিৎসকই দায়িত্বে ছিলেন। মৃত্যুর পর বিষয়টি আড়াল করতে মাইশাকে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে রাহাত আনোয়ার হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় অবহেলার কারণে নয়, বমি করার সময় শ্বাসনালিতে খাবার আটকে শ্বাসরোধ হয়ে মাইশার মৃত্যু হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপক সাহিল আহমেদ সাকিব বলেন, হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। পরে স্বজনদের অনুরোধে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে মা ও সন্তান দুজনই ভালো ছিলেন।

তিনি বলেন, অস্ত্রোপচারের পর মাইশাকে পরবর্তী চিকিৎসা ইউনিটে নেওয়া হলে হঠাৎ তার রক্তচাপ কমে যায়। একপর্যায়ে তিনি তিনবার বমি করেন। তখন যন্ত্রের মাধ্যমে মুখের ভেতর থেকে বমি পরিষ্কার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।

সাকিবের দাবি, সেখান থেকে তারা জানতে পারেন, বমি করার সময় শ্বাসনালিতে খাবার আটকে শ্বাসরোধ হয়ে মাইশার মৃত্যু হয়েছে।

এদিকে মাইশার স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনার পর থেকে চিকিৎসক তহুরা আক্তার ও চিকিৎসক সোহেল মিয়া আত্মগোপনে রয়েছেন। তাদের মোবাইলফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তারা।

মাইশা বরিশাল নগরীর কালিজিরা এলাকার প্রয়াত নাজমুর রহমান বাদলের মেয়ে। তিনি একজন উদীয়মান উদ্যোক্তা ছিলেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন কোনো অভিযোগ তারা পাননি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।