সারাদেশ

বইয়ের ফাঁকে লুকিয়ে থাকা সাপের ছোবলে শিশুশিক্ষার্থীর মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৪৮ এএম

বইয়ের ফাঁকে লুকিয়ে থাকা সাপের ছোবলে শিশুশিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বই খোঁজার সময় সাপের ছোবলে মুনতা মনসুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মারা গেছে।

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের ছত্তরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মাহি ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের মনসুর উদ্দিনের মেয়ে।

নিহত শিশুর চাচা নাইম উদ্দিন জানান, “ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত শেষে মাহি ঘরের নিজ কক্ষে স্কুলের বই খুঁজছিল। হঠাৎ সে চিৎকার করে ওঠে। গিয়ে দেখি, তার কপালে সাপ কামড় দিয়েছে। দ্রুত তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে শিশুটিকে আমাদের হাসপাতালে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। দুর্ভাগ্যজনকভাবে পথেই তার মৃত্যু হয়।”

স্থানীয়দের ভাষ্য, মাহির পড়ার টেবিলের বইয়ের ফাঁকে সাপটি লুকিয়ে ছিল। অসাবধানতাবশত শিশুটি বই তুলতে গেলে সাপটি তার কপালে ছোবল মারে।

এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিবেশীরা মাহির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, বর্ষাকালে এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এ সময় সাপসহ বিষাক্ত প্রাণীর আনাগোনা বেড়ে যায়। তারা অবিলম্বে এলাকায় সাপ নিধন ও জনসচেতনতা বাড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।