সারাদেশ

টেকনাফে নারী সেজে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা রোহিঙ্গা যুবক (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম

টেকনাফে নারী সেজে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা রোহিঙ্গা যুবক (ভিডিও)
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নারী সেজে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করছিলেন এক রোহিঙ্গা যুবক। তবে পুলিশের তৎপরতায় ধরা পড়ে যান তিনি।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের শালবাগান এলাকায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্টে। আটক হওয়া যুবকের নাম রশিদ আহমেদ (২৭), যিনি টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, ওই রাতে চেকপোস্টে রুটিন তল্লাশি চলাকালে কালো বোরকা পরা একজন 'নারী' সন্দেহজনক আচরণ করছিলেন। তার চলাফেরা ও দেহভঙ্গিতে অস্বাভাবিকতা দেখে টহলরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে স্পষ্ট হয়, তিনি নারী নন, বরং ছদ্মবেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা এক যুবক।

চেকপোস্টে দায়িত্ব পালনরত টেকনাফ মডেল থানার এএসআই মো. আব্দুল হান্নান ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা রোহিঙ্গা যুবকটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশ জানায়, সে জিজ্ঞাসাবাদে এলোমেলো উত্তর দিয়েছে এবং নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করেছে। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “আটক যুবক বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং নিজের অবস্থান ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”